গাজীপুর সদরে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শুরু হয়েছে ‘ফল মেলা ২০২৬’। আজ শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন, এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুরের ঐতিহ্যবাহী কাঁঠালের অর্থনৈতিক গুরুত্ব এবং এর বৈশ্বিক সম্ভাবনার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়।
অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া মাননীয় তথ্য মন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হন। এ সময় তিনি মন্ত্রী মহোদয়কে গাজীপুরের বিখ্যাত ও ঐতিহ্যবাহী কাঁঠাল প্রদর্শন করেন এবং এর বিশাল অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরেন।
জেলা প্রশাসক জানান, গাজীপুরের কাঁঠাল ও কাঁঠালজাত পণ্য বিদেশে রপ্তানি করার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। বর্তমানে এই কাঁঠালের প্রায় ৫০০ কোটি টাকার একটি বাজার রয়েছে। তবে কাঁঠালকে সঠিকভাবে প্রক্রিয়াজাত ও বাজারজাত করা সম্ভব হলে এই খাত থেকে প্রায় ২ হাজার কোটি টাকার বিশাল বাজার তৈরি করা সম্ভব।
এই বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে তথ্যমন্ত্রীকে দেশ-বিদেশে গাজীপুরের কাঁঠালের ব্যাপক প্রচার-প্রচারণা ও ব্র্যান্ডিংয়ের জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান জেলা প্রশাসক। জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন গাজীপুরের কাঁঠালের সম্ভাবনাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস ব্যক্ত করেন।