দৈনিক প্রথম চিত্র রিপোর্ট
ভোলার দুইটি সংসদীয় আসনের নয়বারের নির্বাচিত সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। মঙ্গলবার তৃতীয় জানাজা শেষে তাকে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়।
এর আগে ভোলা সরকারি স্কুল মাঠে বেলা সোয়া ২টায় দ্বিতীয় জানাজা এবং বিকেল সাড়ে ৩টায় দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ সমবেত হন। প্রিয় নেতাকে শেষবারের মতো বিদায় জানাতে রাজনৈতিক নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
জানাজার আগে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম -সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর স্কোয়ার হাসপাতালে -এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক এই রাজনীতিবিদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি একমাত্র কন্যা ডাঃ তাসলিমা আক্তার মুন্নি -সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ভোলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জানাজায় অংশ নিয়ে মরহুমের জামাতা ডাঃ তহিদুজ্জামান বলেন, “আমার শ্বশুরের কোনো ভুলত্রুটি থাকলে আপনারা ক্ষমা করে দেবেন। তিনি সবসময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছেন এবং এলাকার উন্নয়নে নিজের সর্বোচ্চটুকু দিয়েছেন।”
প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে ভোলাবাসী একজন অভিজ্ঞ জননেতাকে হারালো, যার দীর্ঘ রাজনৈতিক জীবন ও জনসেবামূলক কর্মকাণ্ড স্মরণীয় হয়ে থাকবে।