(পিরোজপুর) প্রতিনিধি: মোঃ নাইম
পিরোজপুরের মঠবাড়িয়ায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার মামলায় আলমগীর হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মেহেদী আল মাসুদ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আলমগীর হোসেন মঠবাড়িয়া উপজেলার কচুবাড়িয়া এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, আলমগীর হোসেন বিভিন্ন সময় এক প্রবাসীর স্ত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করতেন। এরই ধারাবাহিকতায় ২০২০ সালের ১ জানুয়ারি রাতে ওই নারীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে আত্মরক্ষার্থে ওই নারী ছুরি দিয়ে আলমগীরকে আঘাত করেন। এতে তিনি আহত হন এবং পরে হাসপাতালে চিকিৎসা নেন।
ঘটনার ছয় দিন পর, ৭ জানুয়ারি ২০২০, ওই গৃহবধূ বাদী হয়ে মঠবাড়িয়া থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি বলেন, আদালতে ধর্ষণচেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় আলমগীর হোসেনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।