(পিরোজপুর) প্রতিনিধি: মোঃ নাইম
পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মো. দুলাল মিয়া (৩৫)কে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও লাল রঙের কসটেপ দিয়ে মোড়ানো ৬টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার দাউদখালী ইউনিয়নের খায়ের ঘটিচোরা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার দুলাল মিয়া খায়ের ঘটিচোরা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত আব্দুল খালেক সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে দুলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে একটি হাঁসের ঘরের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা বাজারের ব্যাগের ভেতর থেকে ম্যাগাজিনবিহীন একটি পিস্তল ও ৬টি ককটেল সদৃশ বস্তু জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুলাল মিয়ার বিরুদ্ধে ঝালকাঠি জেলার একটি স্বর্ণের দোকানে ডাকাতির মামলাসহ একাধিক মামলা রয়েছে।
মঠবাড়িয়া থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, “দুলাল মিয়া আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তাকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে একটি পিস্তল ও ৬টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।”
তিনি আরও জানান, অস্ত্র ও ককটেল সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।