বাগেরহাট মোংলা এম এ হান্নান
সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে ২ লাখ ৮২ হাজার টাকা মূল্যের ৫৬৩ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সাথে তাদের ব্যবহৃত ৪টি মোবাইল ফোনও জব্দ করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কৈখালী এই বিশেষ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন জানান, মঙ্গলবার বিকাল ৪টায় শ্যামনগর থানাধীন মুন্সীগঞ্জ ডেলমা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের একটি টিম অবস্থান নেয়। সন্দেহভাজন এলাকাটিতে তল্লাশি চালিয়ে ৫৬৩ পিস ইয়াবা ও ৪টি মোবাইলসহ তিন মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃতদের পরিচয় নিশ্চিতকরণ ও জব্দকৃত আলামত নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এমন জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।