আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ এবং সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সতর্ক অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় জেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। অবস্থান কর্মসূচি শেষে দলীয় নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কলেজ মোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে বিএনপি নেতারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ বিভিন্ন সময়ে নাশকতামূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। জনগণের জানমাল রক্ষায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে থেকে পাহারাদারের ভূমিকা পালন করবে বলেও জানান তারা।
বক্তারা আরও বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য এবং স্বাভাবিক জনজীবন যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সে লক্ষ্যে বিএনপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অরাজকতা, সহিংসতা কিংবা নাশকতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, সাবেক সহ-সভাপতি সহিরুজ্জামান সাজু, আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, ইদ্রিস আলী, আবু দারদা হেলাল, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহাবুবর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব, এটিএম নজিবুর রহমান লেলিন, ওয়াজেদ আলী ঝিনুক, ফারুক, রকি বকশী, আব্দুস সালাম ইদু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইদ্রিস আলী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিমুল ইহসান, সাবেক সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ফজলুল হক, কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল হক বিপুল, সাধারণ সম্পাদক সোহেল রানা, সিনিয়র সহ-সভাপতি হুমরান হাসনাত হীরক, সহ-সভাপতি সিফাত রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবাল রাব্বি, দপ্তর সম্পাদক অর্ঘ্য সাহা দীপ এবং প্রচার সম্পাদক ইফতেখারুল ইসলাম স্বাধীনসহ জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
কর্মসূচিতে জেলা বিএনপি, উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।