নেত্রকোনার দুর্গাপুরে প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের জন্য সরকারি প্যাকেট ব্যবহার করে অবৈধভাবে বনরুটি উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ জুন) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের শিবগঞ্জ ঘাট এলাকায় এই অভিযান চালানো হয়।
শিবগঞ্জ ঘাটে মিড ডে মিলের বনরুটি পরিবহনকালে সাইফুল ইসলাম নামের এক স্থানীয় ব্যবসায়ীকে আটক করে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত এই আদালত পরিচালনা করেন।
ইউএনও জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচির বনরুটি নির্ধারিত স্থানে উৎপাদন করার নিয়ম থাকলেও, দুর্গাপুর পৌর শহরের শিবগঞ্জের ‘ভাই ভাই বেকারি’ সরকারি প্যাকেট ব্যবহার করে সম্পূর্ণ অবৈধভাবে এই রুটি উৎপাদন ও সরবরাহ করে আসছিল।
ভবিষ্যতেও এমন অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।