স্টাফ রিপোর্টার, কাজী মোস্তাফিজুর রহমান
মাদক বিক্রি ও ছাত্রীদের উত্ত্যক্ত (ইভটিজিং) করার প্রতিবাদ করায় যশোরে ফয়সাল হাসান তদ্রব (২৩) নামে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। তিনি যশোর সিটি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে যশোর সিটি কলেজের পাশে একটি গলিতে এ ঘটনা ঘটে।
আহত ফয়সালকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, যশোর শহরের মোল্লাপাড়া আমতলা এলাকার অঙ্কন (১৮) নামে এক তরুণের সঙ্গে ফয়সালের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অঙ্কন ধারালো ছুরি দিয়ে ফয়সালের নিতম্বে আঘাত করেন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
অভিযুক্ত অঙ্কন স্থানীয় যুবলীগ নেতা হারুন অর রশিদ ফুলুর নাতি বলে জানা গেছে।
যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি বলেন, ‘সিটি কলেজ ক্যাম্পাসে মাদক বিক্রি এবং ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করেছিলেন ফয়সাল। এরই জেরে অঙ্কন তার ওপর হামলা চালিয়েছেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং এ বিষয়ে দ্রুত আইনগত পদক্ষেপ নেব।’
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কাজী বাবুল এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ‘বিষয়টি আমরা শুনেছি। খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।