গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের হাজীপাড়া এলাকায় টানা তিনদিন চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ার পর এলাকাবাসী নিজেরাই রাত জেগে পাহারার উদ্যোগ নেন। পাহারার একপর্যায়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় আসিক ও রিফাত নামে দুই যুবককে আটক করে এলাকাবাসী। পরে তাদের কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, হাজীপাড়া এলাকায় পরপর তিনদিন চুরির ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দেয়। চুরি প্রতিরোধে এলাকাবাসী নিজেদের উদ্যোগে রাতে বিভিন্ন পয়েন্টে পাহারা বসান। এরই ধারাবাহিকতায় পাহারার সময় সন্দেহজনক গতিবিধি দেখে আসিক ও রিফাত নামে দুই যুবককে আটক করেন স্থানীয়রা। পরে তাদের তল্লাশি করে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় বলে এলাকাবাসীর দাবি। বিষয়টি তাৎক্ষণিকভাবে জয়দেবপুর থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে এসআই সুজনের হাতে আটক দুজনকে হস্তান্তর করেন এলাকাবাসী। এলাকাবাসীরা বলেন, পরপর চুরির ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তাই পুলিশ প্রশাসনের ওপর নির্ভর করার পাশাপাশি নিজেদের নিরাপত্তার জন্য রাত জেগে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেন। তাদের ভাষ্য, স্থানীয়দের সম্মিলিত উদ্যোগের কারণেই সন্দেহভাজন দুজনকে আটক করা সম্ভব হয়েছে। বিষয়ে আইনি ব্যবস্থা নেবে পুলিশ। স্থানীয়রা হাজীপাড়া এলাকায় চুরি, মাদক ও অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত পুলিশি টহল জোরদার করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা মাদক ব্যবসা ও মাদকসেবনের বিরুদ্ধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। ঘটনার বিষয়ে জয়দেবপুর থানার পুলিশের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে যুক্ত করা হবে