মো. আখতার হোসেন,বিশেষ প্রতিনিধি
গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে দাপ্তরিক কাজে অনিয়ম, দায়িত্বে অবহেলা ও বহিরাগতদের মাধ্যমে সরকারি সেবা দেওয়ার অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকালে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার আকস্মিক পরিদর্শনে এসব অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাৎক্ষণিকভাবে এ ব্যবস্থা নেওয়া হয়।
সাময়িক বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন—কাশিমপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. ওয়াজেদ আলী খান, অফিস সহায়ক মো. শফিকুল ইসলাম, মুহাম্মদ মোস্তফা কামাল ও তাপস চন্দ্র শীল।
জেলা প্রশাসকের পরিদর্শনকালে দেখা যায়, সরকারি দাপ্তরিক কাজ অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পরিবর্তে বাইরের লোকজনের মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে। একই সঙ্গে সেবাগ্রহীতাদের বিভিন্নভাবে হয়রানি ও দায়িত্ব পালনে চরম অবহেলার অভিযোগেরও প্রাথমিক সত্যতা পাওয়া যায়।
পরিদর্শনের সময় জেলা প্রশাসক সংশ্লিষ্টদের কাছে বিভিন্ন দাপ্তরিক কাগজপত্র ও নামজারি সংক্রান্ত সফটওয়্যারের তথ্য দেখতে চান। তবে তারা প্রয়োজনীয় নথি ও তথ্য উপস্থাপন করতে পারেননি বলে জানা গেছে।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন ও টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হাসিবুর রহমানকে সঙ্গে নিয়ে সকালে ভূমি অফিস পরিদর্শনে বের হন তারা।
তিনি বলেন, “প্রথমে কাশিমপুর ভূমি অফিসে গিয়ে দেখা যায়, কর্মরত কেউই কাজের উপযুক্ত নন। সরকারি নিয়ম মেনে কোনো কাজই সেখানে হচ্ছিল না।”
জেলা প্রশাসক আরও বলেন, “সেবাগ্রহীতাদের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে কাগজপত্র ও নামজারি সফটওয়্যারের তথ্য দেখতে চাইলে তারা কোনো সদুত্তর বা নথি দেখাতে পারেননি। দাপ্তরিক কাজে এমন চরম অবহেলা ও অনিয়মের কারণে ওই অফিসের সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।”
প্রশাসনের আকস্মিক এ অভিযানে কাশিমপুর ভূমি অফিসের কার্যক্রমে অনিয়মের চিত্র প্রকাশ্যে আসায় স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। সরকারি ভূমি সেবা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের তদারকি অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা করছেন সেবাগ্রহীতারা।