স্টাফ রিপোর্টার এম এ হান্নান
মোংলা বন্দরে এক গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ পরিদর্শন সম্পন্ন করেছে বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। এই পরিদর্শনের মূল লক্ষ্য ছিল আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী রাসায়নিক নিরাপত্তা নিশ্চিতকরণে বন্দরের সক্ষমতা এবং কার্যক্রম পর্যালোচনা করা।
পরিদর্শনকালে আয়োজিত এক বিশেষ সভায় বিএনএসিডব্লিউসি টিমের পক্ষ থেকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত বিষয় উপস্থাপন করা হয়। প্রেজেন্টেশনে বিএনএসিডব্লিউসি’র গঠন, এর বৈশ্বিক এবং জাতীয় প্রেক্ষাপট, প্রধান কার্যক্রম এবং রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংক্রান্ত আন্তর্জাতিক বাধ্যবাধকতাগুলো সুচারুভাবে তুলে ধরা হয়।
মোংলা বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে সভায় স্বাগত জানান এবং প্রেজেন্টেশন প্রদান করেন পরিচালক (ট্রাফিক), জনাব মোঃ মোস্তফা কামাল। তিনি তার উপস্থাপনায় মোংলা বন্দরে রাসায়নিক সামগ্রীর নিরাপদ হ্যান্ডলিং, সংরক্ষণ পদ্ধতি এবং জরুরি সাড়াদান পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। এছাড়া বন্দরের বর্তমান আধুনিকায়ন প্রকল্প, অবকাঠামোগত উন্নয়ন এবং ট্রাফিক ম্যানেজমেন্ট ব্যবস্থা, বিশেষ করে রাসায়নিক কার্গো পরিচালনার ক্ষেত্রে গৃহীত নিরাপত্তা ব্যবস্থাগুলো তিনি অত্যন্ত দক্ষতার সাথে সভায় তুলে ধরেন।
সভায় বিএনএসিডব্লিউসি’র কর্মকর্তারা মোংলা বন্দরে রাসায়নিক নিরাপত্তা ব্যবস্থাপনার প্রতি সন্তোষ প্রকাশ করেন ও ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করেন। তারা বলেন, বাংলাদেশের দ্বীতিয় সামুদ্রিক মোংলা বন্দরের মতো একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রবেশপথে আন্তর্জাতিক মানদণ্ড মেনে রাসায়নিক নিরাপত্তা নিশ্চিত করা জাতীয় এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মোংলা বন্দরের পরিচালক (ট্রাফিক) জনাব মোস্তফা কামাল বলেন, “মোংলা বন্দর রাসায়নিক অস্ত্র কনভেনশনের বিধানগুলো বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। আমরা আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে রাসায়নিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করছি। বিএনএসিডব্লিউসি টিমের এই পরিদর্শন আমাদের কার্যক্রমকে আরও সুশৃঙ্খল এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করতে সহায়তা করবে।”
এই পরিদর্শনে বন্দরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনএসিডব্লিউসি’র প্রতিনিধিগণ এবং নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি মোংলা বন্দরে রাসায়নিক নিরাপত্তা ব্যবস্থাপনায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।