তাহামিনা আক্তার, কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জে পাঁচ হাজার টাকা না দেওয়ায় বন্ধুর ওপর হাতুড়ি দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইস্তিয়াক (নাম প্রকাশিত)। অভিযুক্ত নাইম, যিনি কেরানীগঞ্জের কালিন্দি খন্দকার বাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত নাইম দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে ইস্তিয়াকের কাছ থেকে টাকা ধার নিতেন। অভিযোগ রয়েছে, তিনি মাদকাসক্ত এবং প্রায়ই টাকার জন্য ইস্তিয়াকের কাছে যেতেন। সম্প্রতি তিনি পাঁচ হাজার টাকা দাবি করলে ইস্তিয়াক তা দিতে অস্বীকৃতি জানান।
এর জের ধরে গতকাল সন্ধ্যায় নাইম চা খাওয়ার কথা বলে ইস্তিয়াককে বাড়ি থেকে বাইরে ডেকে নিয়ে যান। ইস্তিয়াক কিছু বুঝে ওঠার আগেই নাইম হাতে থাকা হাতুড়ি দিয়ে তার মুখ, হাত এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। হামলায় ইস্তিয়াকের মুখে গুরুতর জখম হয় এবং হাতসহ শরীরের বিভিন্ন অংশেও আঘাত লাগে।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ইস্তিয়াককে উদ্ধার করে প্রথমে হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, তার মুখ ও হাতে ব্যান্ডেজ করা হয়েছে এবং তিনি এখনও স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না। তবে আগের তুলনায় তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।