মোঃ মাহফুজুর রহমান
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে পিস্তল ও দেশীয় অস্ত্রের মুখে এক ব্যবসায়ীকে জিম্মি করে নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা ছিনতাই এবং আনুমানিক ৭৪ লাখ টাকা মূল্যের ঝুট কাপড় ভর্তি দুটি ট্রাক ডাকাতির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। তবে ঘটনার পরপরই রাতে অভিযান চালিয়ে ঝুটবোঝাই ট্রাক দুটি উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গতকাল মঙ্গলবার (২১ জুলাই) বিকেল থেকে রাতের মধ্যে ঈশ্বরদী থানাধীন দিয়াড় বাঘইলস্থ লালন শাহ সেতুর সংযোগ সড়ক ও বিডি স্কেল এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী ঝুট ব্যবসায়ী মোঃ বিপ্লব (৫৪) বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ ১০ থেকে ১২ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একটি লিখিত এজাহার ও মামলা দায়ের করেছেন।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরদী ইপিজেড এলাকায় অবস্থিত ‘আই এইচ এম গার্মেন্টস’ থেকে ঝুট মাল লোড করে ৬টি ট্রাক ওজনের জন্য দিয়াড় বাঘইল এলাকার একটি ওজন স্কেলে নিয়ে যাওয়া হয়। এ সময় ১০-১২ জন সন্ত্রাসী মোটরসাইকেল ও দেশীয় লাঠিসোটা-আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়। ১ নম্বর আসামি মোঃ নবীসহ অন্যরা ব্যবসায়ী বিপ্লবের পেটে পিস্তল ঠেকিয়ে ৩ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা জোরপূর্বক বিপ্লবের পকেট থেকে নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা কেড়ে নেয়।
এরপর সন্ত্রাসীরা ড্রাইভার, হেলপার ও ওজন স্কেলের কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে আনুমানিক ৭৪ লাখ টাকা মূল্যের ঝুটবোঝাই দুটি ট্রাক (সাতক্ষীরা-ট-১১-০২২৬ এবং ঢাকা মেট্রো-ট-১৪-৪৭পর৮) ছিনতাই করে নিয়ে যায়। ডাকাতদল ট্রাক দুটি প্রথমে পাকশীর রূপপুর এলাকার দিকে এবং পরবর্তীতে পাবনা বাইপাস সড়কসংলগ্ন গাছপাড়া এলাকায় নিয়ে যায়।
খবর পেয়ে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) রাতভর অভিযান পরিচালনা করে বাইপাস এলাকা থেকে জিম্মি ট্রাকচালকসহ ঝুটবোঝাই ট্রাক দুটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। তবে পুলিশের উপস্থিত টের পেয়ে অভিযুক্তরা প্রাইভেট কার যোগে পালিয়ে যেতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা ডিবি ইনচার্জ রাশেদুল ইসলাম জানান, “এটি একটি সংঘবদ্ধ ডাকাতির ঘটনা। খবর পাওয়ার পরপরই রাতভর অভিযান চালিয়ে মালামালসহ ট্রাক দুটি উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের নাম-পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং পুরো বিষয়টি জেলা গোয়েন্দা পুলিশ গুরুত্বের সাথে তদন্ত করছে।