পঞ্চগড় প্রতিনিধি : মো আরিফুল ইসলাম ইরান
পঞ্চগড় জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক্টর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিস্ট্রেশন নং: রাজ-২৬৪)-এর বিশেষ সাধারণ সভা সোমবার (২০ জুলাই) সকাল ১০টায় ইউনিয়নের ২৬৪ শ্রমিক অফিসে অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিপুলসংখ্যক পরিবহন শ্রমিক অংশগ্রহণ করেন। শ্রমিকদের উপস্থিতিতে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, শ্রমিকদের কল্যাণ, অধিকার আদায়, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সংগঠনকে আরও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনা শেষে উপস্থিত শ্রমিকদের সর্বসম্মতিক্রমে মো. রাজিউর রহমান রাজু সভাপতি এবং মো. আকবর আলী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের প্রতি আস্থা ও সমর্থন প্রকাশ করেন সংগঠনের সদস্যরা।
নবনির্বাচিত সভাপতি মো. রাজিউর রহমান রাজু বলেন, এই দায়িত্ব আমার একার নয়, এটি সকল পরিবহন শ্রমিকের দায়িত্ব। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের ঐক্য সুদৃঢ় করা এবং সকল সদস্যের কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করব। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
সাধারণ সম্পাদক মো. আকবর আলী বলেন, সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে শ্রমিকদের স্বার্থ রক্ষা, কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।
সভায় বক্তারা বলেন, পরিবহন খাত দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই খাতের শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে একটি শক্তিশালী নেতৃত্বের বিকল্প নেই। নতুন নেতৃত্ব সংগঠনের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
সভা শেষে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ নতুন কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানানো হয়। উপস্থিত শ্রমিকরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে পঞ্চগড় জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক্টর পরিবহন শ্রমিক ইউনিয়ন আরও সুসংগঠিত হবে এবং শ্রমিকদের অধিকার ও স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।