মোঃ জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা:
উত্তরের জনপদ কুড়িগ্রামে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কৃষক সমাবেশ। কৃষকের অধিকার, গ্রামীণ অর্থনীতি এবং রাষ্ট্র সংস্কারের নানা বার্তা তুলে ধরতে আগামীকাল (১৬ জুলাই) কুড়িগ্রামে আসছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। “দেশ গড়তে জুলাই জাগরণ” কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই সমাবেশকে ঘিরে জেলার রাজনৈতিক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
আগামীকাল বিকেল ৩টায় কুড়িগ্রাম সদর উপজেলার টগরাইহাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়াও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন দলের সদস্য সচিব আখতার হোসেন।
এ উপলক্ষে বুধবার (১৫ জুলাই) দুপুরে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস মার্কেটে অবস্থিত এনসিপির জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে কৃষক সমাবেশ বাস্তবায়ন কমিটি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষক সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাঈদ উজ্জ্বল, সদস্য সচিব কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম এবং সদস্য শাহজাহান আলী সুমন।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, “দেশ গড়তে জুলাই জাগরণ” কর্মসূচির অংশ হিসেবে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতিবিজড়িত কুড়িগ্রামের মাটিতে এই কৃষক সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে কৃষকের ন্যায্য অধিকার, কৃষি খাতের উন্নয়ন এবং রাষ্ট্র সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য তুলে ধরা হবে বলে জানানো হয়।
এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এনসিপির নেতারা আশা প্রকাশ করেন, কৃষক সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক কৃষক, তরুণ এবং সাধারণ মানুষ অংশ নেবেন। ইতোমধ্যে সমাবেশ সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।