সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ১৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। আজ ৩০ জুন (মঙ্গলবার) ভোরে উপজেলার চামুচা গ্রামস্থ মাগুড়া মাঠে অভিযান পরিচালনা করে এই ব্যবহৃত মোবাইল ফোনগুলো জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ ৩০ জুন ২০২৬ তারিখ আনুমানিক রাত ০১:৫০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ চামুচা বিওপি’তে কর্মরত নায়েব সুবেদার (সিগঃ) মোঃ ময়নুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। টহল দলটি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৭/২-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামস্থ মাগুড়া মাঠে তল্লাশি চালায়। এ সময় চোরাকারবারিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ১৬টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন আটক করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত মোবাইল ফোনসমূহ প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম চলমান রয়েছে। উল্লেখ্য, এই ব্যাটালিয়ন বিগত ৩ মাসে সীমান্তে জোরালো অভিযান চালিয়ে এ যাবৎ মোট ১৩৩টি চোরাই মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়েছে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক *লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী (এসজিপি, বিএফএম, পিএসসি)* জানান, বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।