প্রতিবেদক: মো:ইসমাইল
“বেশি বেশি গাছ লাগান, পরিবেশ ও জীবন বাঁচান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাজিরহাট কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী এবং নাজিরহাট কলেজ গভর্নিং বডির সভাপতি মিসেস নওশীন আরজান হেলাল।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান এবং রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাই পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজকরা জানান,শুধু গাছ লাগানো নয় বরং গাছের সঠিক পরিচর্যার মাধ্যমে সবুজ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।