ভোক্তাদের জন্য নিরাপদ, মানসম্মত ও আইনসম্মত পণ্য সরবরাহ নিশ্চিত করতে ফরিদপুর সদর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৮টি মামলায় মোট ৬২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন ২০২৬) বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, ফরিদপুর, জেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে রাজবাড়ী রাস্তার মোড়ে অবস্থিত মেসার্স বাগাট রাজকুমার মিষ্টান্ন ভাণ্ডার-এ ফার্মেন্টেড মিল্ক (দই), বিস্কুট, ব্রেড ও চানাচুরের মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভাঙ্গা রাস্তার মোড়ের টেস্টি ট্রিট-এর ফাস্টফুড পণ্যে সঠিক লেবেল না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে আলীপুর গোরস্তান সংলগ্ন এলাকায় পরিচালিত অভিযানে ডিলিং লাইসেন্স সংক্রান্ত অনিয়মের কারণে তাহসিন ফার্নিচারকে ৪ হাজার, আল আকসা ফার্নিচারকে ৫ হাজার, নিউ মডার্ন ফার্নিচারকে ৫ হাজার, নাজিম এন্টারপ্রাইজকে ৪ হাজার, শান্ত আয়রন ফার্নিচারকে ৭ হাজার এবং ফার্নিচার মেলাকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ন্যাশনাল ফার্নিচার কর্তৃপক্ষ ডিলিং লাইসেন্সের জন্য আবেদন করায় তাদের ধন্যবাদ জানানো হয়। অন্যদিকে আলীপুরের হায়াত ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানে গিয়ে সেটি বন্ধ পাওয়া যায়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেব কুমার পাল এবং ইনসানা তানজীন ইকো। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই ফরিদপুরের পরিদর্শক (মেট) মো. খালিদ হাসান এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী এস এম সোহরাব হোসেন।
বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।