নুশরাত রুমু, নোয়াখালী :
নোয়াখালী সদর উপজেলার একটি বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় এক টিন ব্যবসায়ী ও তাঁর দুই ছেলে আহত হয়েছেন। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোর ৩টা ২০ মিনিট থেকে ৪টা ১০ মিনিটের মধ্যে নোয়াখালী পৌরসভার শ্রীপুর গ্রামের বাসিন্দা ও সোনাপুর বাজারের টিন ব্যবসায়ী মোশারফ হোসেন ফরহাদের বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ভোররাতে প্রবল বৃষ্টির মধ্যে মুখোশ পরিহিত ৭ থেকে ৮ জনের একটি ডাকাত দল বাড়ির কলাপসিবল গেট ও দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা গৃহকর্তা মোশারফ হোসেন ফরহাদ (৬২) এবং তাঁর দুই ছেলে পারসাদ (৩০) ও নিলয়কে (৩২) মারধর করে আহত করে। পরে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের হাত-মুখ বেঁধে আলমিরা ভেঙে প্রায় তিন ভরি স্বর্ণালংকার, নগদ ছয় লাখ টাকা এবং অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
পরিবারের সদস্য তোফাজ্জল হোসেন জানান, বাসার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ডাকাতির সময় বাড়ির বাইরে আরও চারজন পাহারায় অবস্থান করছিল। লুটপাট শেষে ভোর ৪টা ১০ মিনিটের দিকে তারা একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে ঘটনাস্থল ত্যাগ করে।
সুধারাম মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লিয়াকত আকবরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারের সদস্যদের বক্তব্য নেওয়া হয়েছে এবং ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।