সিমান্ত মোল্লা:শরীয়তপুর প্রতিনিধি:
গভীর রাতে নিজ বাড়ি থেকে আটক; পুলিশের দাবি, তাঁর বিরুদ্ধে রয়েছে প্রায় ১৮টি মামলা
শরীয়তপুরের জাজিরায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মো. হারুন অর রশিদ সারেংকে (৫৭) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার সারেংকান্দি এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই জাজিরার বিলাসপুর এলাকায় একটি মশাল মিছিলকে কেন্দ্র করে জাজিরা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। ওই মামলায় হারুন অর রশিদ সারেংকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তারকৃত হারুন অর রশিদ সারেং জাজিরা উপজেলার সারেংকান্দি এলাকার মৃত হাজী হানিফা সারেংয়ের ছেলে। তিনি উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ জানায়, হারুন অর রশিদ সারেংয়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে পূর্বে প্রায় ১৮টি মামলা রয়েছে। সর্বশেষ বিলাসপুরে মশাল মিছিলের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হারুন অর রশিদ সারেংয়ের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন অভিযোগে প্রায় ১৮টি মামলা রয়েছে।
বিলাসপুরে মশাল মিছিলের ঘটনায় দায়ের করা নতুন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।