মোঃ মাহফুজুর রহমান
ঈশ্বরদী, পাবনা
পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর ‘একতা এক্সপ্রেস’ ট্রেনের দুটি বগির আটটি চাকা লাইনচ্যুত হয়েছে।
আজ সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টায় ঈশ্বরদী-ঢাকা-পার্বতীপুর রেলরুটের ঈশ্বরদী বাইপাস স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সব ধরনের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন একতা এক্সপ্রেস বিকেল ৪টার দিকে ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের মুহূর্তে হঠাৎ এর দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। ঘটনার পরপরই পাকশী বিভাগীয় রেলওয়ে কার্যালয় থেকে উদ্ধার তৎপরতা শুরু করা হয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঈশ্বরদী লোকোমোটিভ ডিজেল কারখানা থেকে ইতিমধ্যে একটি উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে লাইনচ্যুত বগি দুটি উদ্ধার করে রেল চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ভুঁইয়াকে আহ্বায়ক করে গঠিত
এই কমিটির অন্য সদস্যরা হলেন:
নাজিব কায়সার (বিভাগীয় প্রকৌশলী-২)
শেখ আসিফ আহমেদ (বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী – ক্যারেজ)
রবিউল ইসলাম (বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী – লোকো)
আহমেদ ইশতিয়াক জহুর (বিভাগীয় সংকেত প্রকৌশলী)
গঠিত এই কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে দুর্ঘটনার কারণ উল্লেখ করে বিস্তারিত তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ব্যস্ততম এই রেলরুটে আচমকা যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন স্টেশনে আটকা পড়া ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।