মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সরকারি জায়গা দখল করে অবৈধভাবে ঘর নির্মাণের চেষ্টা প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলার বরাইদ ইউনিয়নের বড় পয়লা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বড় পয়লা কেন্দ্রীয় মসজিদের দক্ষিণ পাশে ব্রিজসংলগ্ন সরকারি জায়গায় সম্রাট মোল্লা নামে এক ব্যক্তি ঘর নির্মাণ শুরু করেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলামের নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে অভিযোগের সত্যতা যাচাই করে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন।
পরে উপজেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে অবৈধ নির্মাণকাজ বন্ধ করে এবং সরকারি জায়গা থেকে নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।
এ বিষয়ে ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, সরকারি জমি দখলের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করতে দেওয়া হবে না। এ ধরনের অপচেষ্টার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা সরকারি সম্পত্তি রক্ষায় এমন দ্রুত ও কার্যকর উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।