জামালপুর পৌরসভা ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫১ কোটি ১২ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে। এ বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ১১ লাখ টাকা। একই সঙ্গে জানানো হয়েছে, নতুন অর্থবছরে পৌরবাসীর ওপর কোনো নতুন কর বা ট্যাক্স আরোপ করা হচ্ছে না।
সোমবার( ২৯ জুন) সকালে জামালপুর পৌরসভার হলরুমে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে ২০২৬-২০২৭ অর্থবছরের বিভিন্ন আয়-ব্যয়ের হিসাব তুলে ধরে এ বাজেট ঘোষণা করা হয়।
পৌর প্রশাসক মৌসুমী খান-এর সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন পৌর নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান।
ঘোষিত বাজেটে রাজস্ব খাতের সাধারণ শাখায় আয় ধরা হয়েছে ২১ কোটি ১২ লাখ টাকা এবং ব্যয় ১৯ কোটি ২০ লাখ টাকা। পানি সরবরাহ খাতে আয় ধরা হয়েছে ৫ কোটি ১৯ লাখ টাকা এবং ব্যয় ৫ কোটি ৭৪ হাজার টাকা। নগর উন্নয়ন অবকাঠামো উন্নয়ন টেকসই প্রকল্পে আয় ৮০ লাখ ৫৮ হাজার টাকা এবং ব্যয় ৮০ লাখ ১৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া স্বাস্থ্যসেবা সহায়তা তহবিলে আয় ধরা হয়েছে ১ কোটি ৫৪ হাজার টাকা এবং ব্যয় ১ কোটি ৫১ হাজার টাকা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন ও পৌরসভার চলমান কার্যক্রমকে আরও গতিশীল করতে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। তবে এ অর্থবছরে পৌরবাসীর ওপর কোনো নতুন কর বা ট্যাক্স আরোপ করা হয়নি।
এ সময় পৌর প্রকৌশলী জহুরুল হক, সহকারী প্রকৌশলী সুহেল মিয়া, হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, শরিফ উদ্দিন সোহাগ, পৌরসভার বিভাগীয় ও শাখা প্রধানসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।