সিলেটের জৈন্তাপুর উপজেলার রূপচেং গ্রামের একমাত্র ইট সলিং সড়কের একটি অংশ বর্ষার পানিতে ধসে পড়ায় এলাকার যোগাযোগ ব্যবস্থা মারাত্মক ভাবে ব্যাহত হয়েছে। সড়কের মাঝখানে বড় গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন প্রায় ৫ হাজার গ্রামবাসী।
সোমবার (৭ জুন) বিকেল ৪টার দিকে সরজমিনে গিয়ে দেখা যায়, টানা বৃষ্টির কারণে সড়কের পাশের মাটি সরে গিয়ে ইটের সলিংসহ সড়কের একটি বড় অংশ খাদে নেমে গেছে। ফলে সড়কের প্রায় অর্ধেক অংশ ধসে পড়েছে।
ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যেও স্থানীয় বাসিন্দারা প্রয়োজনের তাগিদে ওই সড়ক ব্যবহার করছেন।
স্থানীয় বাসিন্দা মো. রফিক মিয়া বলেন, “এই সড়ক দিয়ে আমরা বাজার, স্কুল/কলেজে ছাত্র ছাত্রী ও হাসপাতালে রোগীরা যাতায়াত করে। এখন কোনো যানবাহন চলাচল করতে পারছে না। জরুরি রোগী হলে খাটে করে প্রায় ২ কিলোমিটার পথ বহন করে নিতে হয়।
”নাম প্রকাশে অনিচ্ছুক আরেক বাসিন্দা অভিযোগ করে বলেন, “গত বছর সড়কটি মেরামত করা হয়েছিল। কিন্তু কাজের মান ভালো না হওয়ায় অল্প বৃষ্টিতেই আবার ভেঙে গেছে। আমরা স্থায়ী সমাধান চাই।
”স্থানীয়দের মতে, রূপচেং গ্রামের এই সড়কটি এলাকার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ায় শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষ ভোগান্তির শিকার।
গ্রামবাসীরা জানান দ্রুত সড়কটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বর্ষা মৌসুমে আরও বড় দুর্ঘটনা এড়াতে টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।