সরকারি মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই সার ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে জয়মন্টপ ইউনিয়নের বিভিন্ন সারের দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিন।
সূত্রে জানা গেছে, সিংগাইর উপজেলার বিভিন্ন বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে সার বিক্রির অভিযোগ পাওয়া যায়। এ বিষয়ে গত ২৪ জুন দৈনিক আজকের পত্রিকার অনলাইন সংস্করণসহ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে উপজেলা কৃষি বিভাগের প্রসিকিউশনের ভিত্তিতে জয়মন্টপ ইউনিয়নের বিভিন্ন সারের দোকানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারা অনুযায়ী বিনির্দেশ বহির্ভূতভাবে সার গুদামজাতকরণ, সংরক্ষণ, বিক্রয় ও বিপণনের দায়ে জয়মন্টপ বাজারের মেসার্স সোনালী ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল কাদের মিয়াকে ১০ হাজার টাকা এবং মেসার্স সায়েদুর ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সায়েদুর রহমানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ সময় ব্যবসায়ীদের সারের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, ক্রেতাদের ক্রয় রশিদ প্রদান, দৈনিক স্টক রেজিস্টার সংরক্ষণ এবং বাস্তব মজুদের হিসাব যথাযথভাবে রক্ষণাবেক্ষণের নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিন বলেন, " বিভিন্ন জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে। কৃষকদের স্বার্থ রক্ষা ও সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি করা হবে। কোনো ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি বা অনিয়মে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ও বাজার মনিটরিং কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।