বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে চাকরি দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টাকালে দুই প্রতারককে গ্রেফতার করেছে
শনিবার (২০ জুন) দুপুর জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।জামালপুর ডিবির ওসি মো.আব্দুল কাইয়ুম জানান, মাদারগঞ্জ উপজেলার বানীকুঞ্জ এলাকার কাফি আল সাকিব সিয়ামকে পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র তার পরিবারের কাছে ২৫ লাখ টাকা দাবি করে।
প্রতারকরা চাকরি হওয়ার পর টাকা পরিশোধের শর্তে ভুক্তভোগী পরিবারের কাছ থেকে একটি স্বাক্ষরিত ব্ল্যাংক চেক এবং ছয়টি স্বাক্ষরিত ব্ল্যাংক নন-জুডিশিয়াল স্ট্যাম্প গ্রহণ করে। একই সঙ্গে চাকরি দেওয়ার নামে একটি কথিত চুক্তিপত্রও সম্পাদন করা হয়।
বিষয়টি সন্দেহজনক মনে হলে ভুক্তভোগী পরিবার জামালপুর জেলা গোয়েন্দা শাখাকে অবহিত করে। পরে পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে প্রতারণার সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন মেলান্দহ উপজেলার মাহমুদপুর এলাকার শরিফুল ইসলাম ওরফে শিশির এবং পাবনা জেলার আতাইকুলা এলাকার রকিবুল ইসলাম রকিব।
জামালপুর জেলা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। চাকরির নামে প্রতারণার ফাঁদে না পড়তে এবং এ ধরনের কোনো প্রলোভনের শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে পুলিশ।